Subscribe in a reader GAN KOBITA NATOK

Friday, 1 July 2016

মোমবাতি MOMBATI


মোমবাতি MOMBATI


প্রতি রাতে যেন মৃদু একটি প্রতিশ্রুতি

কোনোকিছুর প্রত্যাশা না রেখে

অপলকে আলো দিয়ে যাওয়া

অশ্রুর মত সারারাত গলে গলে

ভোরের আলোর আলিঙ্গন পাওয়া।

ঘুম ভেঙ্গে দেখি কোন ঘুমপরী যেন
সারারাত কেঁদে কেঁদে শেষ হয়ে

লুটিয়ে পড়েছে ভোরের আলোয়

কী যে সে দিয়ে গেল

চেতনায় প্রতিভাত হয় না তা।

শুধু মনের গভীরে একটি আলোর কণা

জ্বলতে জ্বলতে কখন যেন একদিন নিভে যায়।

Sunday, 26 June 2016

দেশ DESH

আমি এখন মায়াসাগরের তলদেশে।


পৃথিবী কেমন দেখতে
আমি ভুলে গেছি।

আমি আছি মুক্তা-প্রবালের অন্তরীক্ষে।
এখানে আকাশ নেই
তবু নীল---আরও নীল---
শুধু নীলের এই দেশ...। 
এখানে প্রাণীদের তারার মতন চোখ 
তাতে প্রেমও নেই, ঘৃণাও ---
ভাগ্যিস ওরা ভাষা শেখেনি ----
তাই
  ওরা হাসেও না, কাঁদেও না---

পৃথিবীর মতো হাসিকান্নার জগত ছেড়ে
আমি এখানে বেশ আছি ...
একরকম স্বেচ্ছা-নির্বাসনই বলা যায় ।

যেতে চাই না আর ফিরে
ঐ পৃথিবীর সব-পেয়েছির
সব-হারানোর মাটিতে। 



Thursday, 23 June 2016

স্মৃতি SMRITI


আজকে আমার মন ভাল নেই
আমার ঘরে  ছড়ানো - ছিটোনো স্মৃতি 


 স্মৃতি কার? 

আর কারো নয় , শুধুই আমার।

আজকে আমি যে 
নিজের থেকে বহু দূরে 
হারিয়ে গেছি -----
কোনোদিন খুঁজে
পাবার নয়কো আর----

আজ তাই 
নিজের কাছেই নিজে 
স্মৃতি আমি
এ আমি নতুন আমার নিজের কাছে।
এ যেন  নিজেকে নতুন করে পাওয়া। 






মন MON

দেখলেই কিন্তু দেখা যায় না, 
চেয়ে দেখতে হয় 
চোখ তো  আসলে দেখে না, 
দেখে মন ---


যে মন কাঁদে ,
 সে-ই ভালোবাসে
মনের মেঘ যে বৃষ্টি ঝরায়
চোখ তাকে ধরে বুকে।

তাই 


এক সমুদ্র লোনাজলে পাড়ি  
নিরুদ্দেশের পথে
কার খোঁজে, সে তো জানা নেই !

Wednesday, 22 June 2016

বিশল্যকরণী Vishalyakarani

ব্যাধি আছে, আছে বিশল্যকরণী ----
তাহলে কিসের ভয় ?
আসলে তো তুমিই আছো
ব্যথার মলম হয়ে । 

Monday, 20 June 2016

চাঁদ CHAND

চাঁদ যখন জলে নামল
তখন গভীর পূর্ণিমা - রাত
ওই আলোতে তোমায়
প্রথম দেখেছিলাম।

তখনও ত জানিনা 
শেষ দেখা কতদিন হল
আর একবার,
শুধু একবার দেখব বলে

রাত সাজিয়ে বসে আছি
         আর
জলের অতলে 
 হারিয়ে গেছে চাঁদ

কতদিন, কত রাত ----
তা জানিনা।

Saturday, 18 June 2016

বোল bol

মনের মাথায়  ডাঙস , আর  মুখের  মাথায়  বাড়ি ...
থামলি কেন পথের মাঝে ? চল্ না তাড়াতাড়ি!