Subscribe in a reader GAN KOBITA NATOK

Monday, 26 May 2014

বেনারসি BENARASI


মা
তোমার সেই পাটভাঙা বেনারসিখানা,
কালো জমির ওপর সাচ্চা রূপোলী জরির কলকা,
কোনদিন পরতে দাওনি আমায়-------
আমি রাতের আকাশ চেয়ে চেয়ে দেখি,...
আজ আকাশটা সেই বেনারসি চুরি করে
সেজেছে কনের সাজে...
তোমার সেই পাটভাঙা বেনারসি পরে
কপালে চন্দন-চাঁদ,মধু -বসন্তের ওড়না-
স্বয়ংবরা আকাশ-বধূ
ছায়াপথ-রথে উড্ডীন
কোন্ দয়িতের কণ্ঠে দেবার বরমাল্য হাতে?

এক যে ছিল মাছ EK JE CHHILO MACH

লোকে বলত আমি নাকি মাছেদের রাজপুত্র
আমার নাকি রূপোলী গায়ে রঙিন আঁশ
কাঁচপুতি চোখ পাতা ফেলেনা----
চাবুক লেজ জলের ভেতর ঝাপটে বেড়ায়
পাখনাগুলোর দাপটে অন্য মাছেরা
কাছে ঘেঁসেনা ------
শামুক গুগলি কেন্নো পোকা ডরায় আমায়
যমের মতো,
ঘাই মারলে কচ্ছপ ব্যাঙ সরে যায় সমীহ করে

এ হেন আমি কয়েক বছর
জলের প্রাসাদ দাপিয়ে বেড়িয়েছি
আজ আমি
পাঁশ-পাড়ের ছাইগাদায় পড়ে
হাঁপাচ্ছি রতন-কুমোরের হাপরের মত
মেছুনি-মাসি শান দিচ্ছে বঁটিতে
জেলেপাড়ার ছেলেরা আজ জাল পেতে
আমায় তুলে এনেছে রাজবাড়ির ভোজের জন্য

ঐ যে কথায় বলে না---
মাছের মায়ের আবার পুত্রশোক!
আমি যখন জল থেকে জালে পড়লাম
আমার মা এলো না বাঁচাতে
বাবা এলোনা, ভাই এলো না,বোন এলো না
এমনকি বিয়ের রাতে যাকে কথা দিয়েছিলাম,
সেও এলো না।

ওদের চোখে তো জল নেই আমার জন্যে
থাকবে কি করে? ওদের চারিদিকেই তো জল!

Friday, 24 January 2014

UTTORADHIKAR উত্তরাধিকার

উত্তরাধিকার

 

আমার মুখাগ্নি হবে যার হাতে

সে পথে পথে ঘুরে

আমার ঠিকানা খুঁজেছিল।

ফিরে যেতে যেতে ঘুরে তাকিয়ে

আমার দুচোখে চোখ রেখে

সে হয়তো বলেছিল

‘আর জন্মে আবার দেখা হবে কিনা জানিনা।

তোমাকে কী বলে ডাকব তাও জানিনা।

তবুও তোমার সাথে নাড়ীর টান

বার বার ছিঁড়ে গেছে

রক্তের বিপরীত স্রোত বেয়ে

দেখা তো হলোনা এজনমে আর,

তাই ফিরে চলে যাবো এই রক্তেরি স্রোতের উজানে।

শুধু তোমার নিথর শবদেহ পোড়ার আগে

একবার, শেষবার শিয়রে দাঁড়াবো এসে ,

অনিবার্য্ উত্তরাধিকারের দায়ে।

এই বলে চলে গেল সে।

তাই মৃত্যুর অপেক্ষায়

এখনও আশায় বেঁচে আছি ------

কবে তার হাতের শলাকায় আগুন বিঁধিয়ে সে

পালন করবে তার চরম ভূমিকা

অনিবার্য উত্তরাধিকারের দায়ে।


Sunday, 19 January 2014

SOHAG সোহাগ

সোহাগ



ছিল কুঁড়েঘর, ছিল প্রাসাদ,

ছিল বিন্দাসপুর খোলা জানালা

জানলা তো নয়, ভাঙা আয়না

আধেক মুখ দেখতাম সকালে,

আধেক মুখ রাতে।


আয়নায় লেগে গেছে  সোহাগের দাগ

এ আমার দ্বিতীয় প্রতিফলন

তার নাম শুধোইনি কোনোদিন।

যদি নিজে এসে সে ধরা দেয়

বিন্দাসপুর জানালা তার জন্য

অবারিত দ্বার ......