Subscribe in a reader GAN KOBITA NATOK

Tuesday, 12 November 2019

দাদার কবিতা

            ১।   জীবন
জীবন বলে যদি কিছু থাকে
তার নাম চরম অনিশ্চয়তা 
সত্য বলে প্রতিভাত হয় যাহা  
পর মুহূর্তে মিথ্যা হয় যে তাহা
যাহাকে আমি নিজের মন জানি
সে আমার বাধ্য কতখানি
আজ সকালে যে কথা ভেবে উঠি 
পর মুহূর্তেই গোলমাল হয় তাহা 
আবার যখন মনে হয় সব ভুল 
পরম সত্য হয়ে ওঠে তারা 
আজকে মনে ছন্দ যখন এল 
মনটা আমার বিস্ময়ে ভরে গেল
ভাবিনি তো ছন্দ আসবে আমার মনে
গুলিয়ে দিয়ে যাবে ক্ষণে ক্ষণে 
সারাদিন শুয়েছিলাম অসীম পেটের যন্ত্রণাতে
রাতে যে কবিতা আসবে মনে 
স্বপ্নেও আসেনি হৃদয়ের খেয়ালে 
এর নামই বিশ্ববিধাতার সৃষ্টি
কিভাবে আমরা করব তার কৃষ্টি ?  

২।শরশয্যা

ভীষ্মের শরশয্যায় শুয়ে আছি দানবীয় ধরায়
যত ভাবি মুক্তির দিকে এগোচ্ছি
এক ধাঁধা জালে বাঁধা পড়ে যাই 
চারিদিকে অন্ধকার, ভালো লাগে না কিছুই,
ভালো লাগে না সাহিত্য, সংসার, বন্ধু-বান্ধব
বা ফেসবুক - হোয়াটসঅ্যাপ -এর কচকচানি
তবু চোখ চেয়ে থাকি, --- সুদিন আসবে, 
আমি বেশ মনোযোগ দিয়ে কবিতা লিখবো 
কামিনী - রজনীগন্ধার ঘ্রাণ নেবো
শুনব রবীন্দ্র - নজরুল - অতুলপ্রসাদ 
রোজই ভাবি উতরে যাবো পরীক্ষায়
পরক্ষণেই আর এক প্রশ্নপত্র আসে 
যার জন্য আদৌ তৈরি নই !

অবসাদে মন ক্লান্ত হয়ে যায়
শুনি নাকি যত বিষাদ কবিজীবনে আসে 
সৃষ্টি তত শুরু হয় উল্লাসে!
উদভ্রান্ত উদাস মন ভরে ওঠে
কল্পনা ও সৃজনে -----

শরশয্যা থেকে উঠে আসে মন 
অসীমের নীরব কল্পনাতে...

Monday, 21 October 2019

শেষ প্রেম (SHESH PREM)

আর চাইনা এ বিফল সান্ত্বনার স্তোক---- 
চলার পথের  এই সুদূর কারুকাজ... 
চাই ছায়া, চাই স্থিতি...
এসো নূপুরের নিক্কণ , এসো কিঙ্কিণী - সিঞ্জন,
এসো হাসি, এসো প্রীতি ---
এসো সযত্ন -সাধিত সুপ্তির ঘন নির্যাস ,

এসো শান্তি ।

আমি কোনো নির্ঝর - সানুদেশে
 শ্যামল-সুধা -পানে তৃপ্ত হবো না আর 
শুধু চাই সেই স্নেহ- চাহনির অপলক দাক্ষিণ্য
যা শুধু তুমিই, ...
একা শুধু তুমি দিতে পারো  ।।


Tuesday, 17 September 2019

শেষবেলা (SHESHBELA)

শেষবেলা   (SHESHBELA)


আজকে আমি  যাচ্ছি চলে চিরদিনের পথে...

    ... আসবি না?


একটুখানি ছুঁবি না আমায় ?
তোর চোখের জলের ধারাস্নানে
আমার যাত্রা - পথ সিক্ত করবি 
 এই বড় সাধ ছিল। 

তারপরে রাত নামলে তোর একাকী শয্যায়
কান্না ... আরও কান্না নেমে আসবে
জ্যোৎস্নায় ভর করে ...। 

প্রতিদিনের কাজেতে তোর 
অকাজ হয়ে আমি
থেকে যাবো প্রতি পলে
এই বড় সাধ ছিল

আসবি না তুই শেষবেলাতে
পাগলিনীর বেশে ?
চিরপথের পাড়ি দেবার আগে

আমার এই বড় সাধ ছিল। 




Saturday, 14 September 2019

অভ্যর্থনা (OBHYRTHONA)


          অভ্যর্থনা 

যদি কখনও এই পথে যাও , 
আমার বাড়ি এসো ...
জাজিম -পাতা মন রয়েছে, 
যত্নে থেকো সেথা...
তোমার ব্যথায় প্রলেপ পাবে
আকাশ এমন নীল ----
জলের ধারায় তোমার অঝোর 
অশ্রু যাবে ধুয়ে 
আসবে যখন সু -চির ঘুম 
পালঙ্কের 'পরে
ব্যঙ্গমা তার পাখায় নিয়ে 
 যাবে যতোই দূরে---- 
ততই আমি থাকব তোমার
মনের মনিপুরে ।

Tuesday, 10 September 2019

তোমায় দেখতে চাই ( TOMAY DEKHTE CHAI)

শুধু একবার তোমায় দেখতে চাই
আমার সব কবিতায় তোমার অচেনা মুখ
তবু একবার তোমায় দেখতে চাই 
আয়নায় নয় , সে আজ ঢাকা থাকুক ।  

Sunday, 1 September 2019

একলা মেয়ে (EKLA MEYE)




 একলা মেয়ে

স্বপন –সাধন করছে একলা মেয়ে
সিঁড়ির পরে সিঁড়ি
আরও সিঁড়ি – সিঁড়ি – সিঁড়ি
জীবন পালন করছে একলা মেয়ে,
কেউ পাশে নেই আগে- পিছে
মিথ্যে শপথ, কান্না মিছে
মরণ লালন করছে একলা মেয়ে ।

রঙ (RONG)



 রঙ(গদ্য কবিতা)


দূরে যেয়ো না ,  ওই
আদিগন্ত – ঝুরি- নামানো অশ্বত্থতলায়
ওখানে সর্বনাশ সাজানো আছে ভালোবাসার নামে
সবুজ পাতার শিরায় শিরায় ----
তার চেয়ে আরও অনেক অভয় আশ্রয় ঐ নীল
নিশ্চিত, কঠিন , সহজ, তরল, ঝজু ---
যার একটিমাত্র প্রতিশ্রুতি
তোমাকে নিয়ে যাবে গভীর চেতনার নীড়ে
কপোত-বক্ষের নিবিড় উষ্ণতায়
দূরকে নিকট করার পরম মুহূর্তের
স্বচ্ছ - সাধনা – নিমগ্নতায় ।