Subscribe in a reader GAN KOBITA NATOK

Friday, 11 March 2016

চুল্লি CHULLI

চুল্লি


যখন বেঁচে ছিলাম 

তখনকার একটা কথা মনে পড়ে গেল 
শ্বশুরমশাই,সেলস কোম্পানির মস্ত অফিসার 
কোনও একদিন বলেছিলেন, 
"wait for your turn!' 
কথাটা মনের মধ্যে গেঁথে গিয়েছিল। 
তারপর বাকি জীবনটা কাটিয়ে দিয়েছি 
কবে আমার পালা আসবে, তার অপেক্ষায়। 

আজ ইলেকট্রিক চুল্লির সামনে 
মৃতদেহের সারিতে আমি দশ নম্বর। 

প্রথম নম্বর পুড়ছে --- 

গ্রীষ্মের দুপুরে শবযাত্রীরা গলদঘর্ম, নাজেহাল---- 
হয়ত মনে মনে শোক ভুলে গেছে, 
ভাবছে,'শালি আর মরবার দিন পেলো না?' 

একটি একটি করে মৃত মানুষেরা 
চলে যাচ্ছে আগুনের গহ্বরে 

সারা জীবন ধরে কত কি অপেক্ষায় কাটালাম, 
সবসময়ই মনকে ভুলিয়েছি এই বলে। 
'"wait for your turn!' 
তাতে  অপেক্ষার মজা গেছে বেড়ে। 

আজ যদি ভাবতে পারতাম 
বেঁচে থাকা দিনগুলোর মতো, 
'"wait for your turn!'



জ্যান্ত ভূত JYANTO BHUT

জ্যান্ত ভূত


আমি যে কখনো জ্যান্ত ভূত হবো
সেকথা কি ছাই বিধাতাও জানতেন?
একদিন পাশের এঁদো পুকুরটায় ডুব দিয়ে উঠে
ভিজে কাপড়ে যেই দরজায় দাঁড়িয়েছি ----
শাশুড়ি ননদী আঁতকে উঠে বললেন
ওমা এ পেত্নীটা কেরে! বলেই
ঠাস করে সদরদরজা বন্ধ করে দিলেন
ঘরের ভেতর থেকে তাঁদের হুলুস্থুল কান্না
'পেত্নীটা আমাদের রূপসী বউটাকে খেয়ে ফেলল গো!'

গেলাম বাপের বাড়ি ----
ন্যাওটা বোনটা আমায় দেখে হাঁউমাঁউ করে পালাল।
পাড়ার যত কুকুরগুলো দিনদুপুরে তাড়া করে এল।
   কোথায় যাই?
ঘরের আয়নাটায় হঠাৎ চোখ পড়ে গেল
    একি!
সামনে যে দাঁড়িয়ে সে তো আস্ত একটা শ্যাওড়াগাছের পেত্নী!
বোনকে দরজা খোলার জন্য মিনতি করতেই
'বোঁনটিঁ দঁরজাটাঁ এঁকটুঁ খুঁলেঁ দিঁবিঁ '?
অমনি কুকুরগুলো আবার কেঁউমেঁউ করে উঠল
এবার কিন্তু রাগে নয়, ভয়ে।

আমি যেখানেই যাচ্ছি সেখানেই লোকে ভয়ে পালাচ্ছে
জ্যান্ত ভূত দেখে --- তাও আবার দিনদুপুরে
কাছে আসতে সাহস নেই কারও।

আমি ঠাঠা রোদে একা একা দাঁড়িয়ে শেষপর্যন্ত
নিজেকেই নিজে ভয় করতে লাগলাম....

আদর ADOR

আদর

ভালোবাসলে মন মেঘ হয়ে যায়,
তখন দুচোখ দিয়ে
অঝোর ঝরে আদর-----

তোমার চুলের কালোয় হাজার রাতের তারা
ভালো্বাসার আঁধার নিয়ে আসে

রাত হয়ে যায় দুচোখ বোজার আগেই,
মনের মেঘে অঝোর ঝরে আদর-----


ভোরের আলো আমার জন্য না,
আলোয় তোমার মুখ মিলিয়ে যায়

গভীর রাতে তোমার চুলের তারায়
ভালো্বাসায় অঝোর ঝরে আদর-----


Thursday, 10 March 2016

প্রার্থনা PRARTHONA




  1.                       প্রার্থনা


জয় হোক আকাশ-পরীদের,     জয় হোক  সরোবর -হংসের, 
রুপোলী- পাখনার মাছেরা, তোমাদেরও    জয় হোক।
এখানে প্রচুর মেঘ জলভারে নুয়ে আছে
রেডিওতে শুনি অকাট্য পূর্বাভাস------------
বহুদিন খরা-বন্যা নেই......
ঘাসের সবুজে বিভোর প্রজাপতি, 
গোলাপের ডালে দুলন্ত গুটিপোকা,
এসব সত্যি হলে
      প্রনাম তোমাকে।
আবার যেন এসো ফিরে 
এই কাঙালের ভূমিকে
      ধূসর থেকে সবুজ করে দিতে...... 

আধু-NICK-নামা ADHU-NICK-NAMA





আধু-NICK-নামা
লেখাপড়া করো বাছা, বইয়ে দিছ মন,
খাতার পাতার ভাঁজে আছে টেলিফোন।
বার-বার মিস্-কল, সাইলেন্ট ডাকে,
প্রেমিকের উড়োচিঠি কাগজের ফাঁকে !
কলমের ডগা হ’তে এস-এম-এস ছোটে---
মোবাইল-ইনবক্স ফুলে-ফেঁপে ওঠে !!
হোয়াস্-আপে তুড়িলাফ্,টিং-টুং রব,
ফেসবুক জুড়ে বাজে কত কলরব !!
পেয়ার শেয়ার-করা, ট্যাগ-ছবি যত,
ফ্রেন্ড-এর লিস্ট বাড়ে সর্পের মত ।
মা-বাবার ভালো ছেলে ভালো মেয়ে দেখে
‘ম্যাট্রি’র-‘মনিয়ালে’ ছবি দিলো রেখে ।
শেষে এই পরিণাম ? হায় মোর বিধি !!
ডাইভোর্স-গিলোটিনে মরে যত নিধি !!







                                  

Monday, 7 March 2016

দ্রৌপদী Draupadi

দ্রৌপদী
চাঁদ নেমে এসো
নেমে এসো অন্ধ- তমিস্রায় ---

এখানে কুটির নেই -------
খোলা চুল , অদম্য সম্ভার ------------
ভেসে গেছে অকাল জ্যোৎস্নায় ----------------

তুমি যার আলোয় আলো দাও
তার অপেক্ষায় থেকে
ঋতুকাল শেষ ---

এবার তাহলে গতিপথ পালটাও

                     তোমাকে আজ ভাত দেবার কেউ নেই
                     তবু তুমি   জ্যোৎস্নায়  গা ধুয়ে এসো আরেকবার,
                     তোমাকে দেখবো অকাল মাখিয়ে দুই হাত

                          দোর ঠেলে দেখো
                                   আমি সেই
                            দিয়েছি ফিরিয়ে রথ--------
                        তোমার অপেক্ষায় থেকে
                       মাস চলে গেছে, গেছে নদী , -------

                        কেবল জ্যোৎস্না আছে

                   তুমিও জ্যোৎস্নায় ধুয়ে এসো গা
                          কেননা তুমি যার আলোয় আলো দাও
                         সে আজ সব ভাত খেয়ে গেছে !!!!

Sunday, 6 March 2016

পিরীতি Piriti




                      পিরীতি   
      
     তুই আমার পদ্মপাতা 


     তোর পিরীতি পদ্মপাতায় জল