Subscribe in a reader GAN KOBITA NATOK

Wednesday, 15 February 2017

প্রতীক্ষা (PROTIKHHA)



 প্রতীক্ষা


তোমার -আমার  নিমন্ত্রণের আসর
এই তো সাজানো বিকেলবেলার লনে
সবুজ-নীলের প্রকৃতি কে
কতোদিন পরে কত কাছ থেকে দেখা !
তুমি চাইলে সবুজটুকু তোমার ....
আমার জন্য রইল পড়ে নীল।


মনে পড়ে সেই নীল চাঁদোয়ার আলো ?



সেই রঙে আজ সাজাবো রাতের আকাশ

তোমার সুরভি মাখিয়ে ...।
পাখিদের ঘরে ফেরার কূজন দিয়ে
ভোরের বাতাস খেলিয়ে দেবো
সেই ঘরের জানালাতে
     
         যে ঘরে
কোনোদিন


তোমার পায়ের পরশই  লাগবে না...



শুধু একটি একলা রাত

চৌকাঠে মিলিয়ে থাকবে
চিরদিনের প্রতীক্ষায় ...।।



Tuesday, 14 February 2017

ভ্যালেনটাইন (VALENTINE)

ভ্যালেনটাইন

তুমি আমার ভ্যালেনটাইন!! 
আছে নাকি এমন আইন 
চিরজীবন আমায় ভালোবাসবে ? 

ঝরবে যখন রূপের গ্ল্যামার 
চুলেতে পাক ধরবে আমার 
তখন তো ভাই “বৃদ্ধা” বলে হাসবে !!

খাতা (KHATA)


Sunday, 5 February 2017

নীল সন্ধ্যে (NEEL SONDHE)


নীল সন্ধ্যে

এক সন্ধ্যে চাঁদের ঘরে কাটিয়ে

মেঘের দলে বাড়ি ফিরছিলাম---
এক সন্ধ্যে  এলোচুলে
জানলা খুলে অধীর অপেক্ষা---
ছিলো না তারা, ছিলো আকাশ, 
ছিলো যাযাবর মেঘের দলে
ভেসে যাওয়া অন্ধকারের 
নীল রঙ ।



সেই নীলরঙা বিষ কিন্তু

অধর ছুঁয়েছিল ----
কখন ?



তা তো জানিনা !

আমি তো আর জাগিনি রাত
আর কারও অপেক্ষায় !



Tuesday, 31 January 2017

চিঠি (CHITHI )


চিঠি



এতদিন চিঠির আশায় বসে থেকে থেকে
আজ ঝড়ের সাথে একটি গাছের পাতা 
জানলা দিয়ে উড়ে এলো  হাতে
কী যে বার্তা আনলো জানিনা তা !

লালরঙা ওই ঝরাপাতার সাথে
কী পাঠালে, সেসব তুমিই জানো...
আমি তাকে তুলে নিলাম হাতে
ও যে অনেক আদর মাখানো! 

যত্নে তাকে আমার শাড়ির ভাঁজে
রেখে দিলাম সবার নজর থেকে ---
তোমার চিঠি মধুর ভালোবাসায়
ঘুমের চোখে কাজল দিলো এঁকে ।



Friday, 6 January 2017

সত্যি -মিথ্যে (SOTTI-MITTHEY)


সত্যি -মিথ্যে

অন্ধকারে  সারারাত  মিথ্যে হয়ে জ্বলো ----
সুগন্ধি আতর মাখো সারা গায়ে 
তবুও কি সত্যি ভোলা যায় ?

ভোরের আলোয় কোথায় 
শিশিরবিন্দুর বাস?
সে তো তোমার চোখের 
মুক্তা - দ্যুতি হয়ে 
মোমের আলোয় চরম স্বীকৃতি ....

আবার প্রস্তুতি চলে আগুন হবার
আঁধারকে আলিঙ্গন  করে

মিথ্যেকে সত্যি করে জ্বলার...... 





Monday, 2 January 2017

আলো (ALO)







আলো

সারারাত ধরে শুনেছি 
করাঘাত দরোজায় -----

তবু দোর খুলিনি।

সকালে দোর খুলে দেখি

অন্ধকার মিলিয়ে গেছে
ভোরের আলোয়।

কে তবে এসেছিল?

ফিরে গেছে জীবন-মন
আলোকিত করে?