Subscribe in a reader GAN KOBITA NATOK

Friday, 10 April 2020

গাছের পাতারা যদি গান হতে চায়,
হতে দাও ...
কবিতা হোক
গভীর শিকড়গুলি ।

Sunday, 8 March 2020

হোলি (HOLI)

অপমানের শিরোভূষণ
একটি দিনের রাণীর 
অবহেলার দীর্ঘশ্বাসে 
চরম অভিমানীর

চলি জীবন - পরিক্রমায়
বাধার পাথার সহে ...
রঙ দিয়োনা কানহাইয়া
নিঠুর - নিলাজ মোহে ----

Sunday, 1 March 2020

টান (taan)

দেয়াল গড়েছ মাঝখানে 
ভালোবেসে 
বিচ্ছেদ-রেখা টেনেছ 
কাছেতে এসে
আমার ভুবনে
তোমার প্রবেশ নিষেধ 
গণ্ডি টেনেছি
ঘোষিয়া চির -বিচ্ছেদ।
তোমায় -আমায় 
মিলবো -না এই ভবে
চাইছি বিদায় ,
আসি হে বন্ধু তবে। 

Tuesday, 18 February 2020

দাবানল (dabanol)

পাতাকে বলেছি "ঝরো''--
'এখনো সময় হয়নি আমার'
বলেছে পত্রালিকা,
'তাহলে জ্বলেই মরো ...
তোমার জন্যে আছে লেলিহান
ঘোর দাবানল - শিখা ।

Wednesday, 22 January 2020

প্রতীক্ষায় (PROTIKKHYAY)

প্রতীক্ষা

সারারাত ধরে স্বপ্নের মাঝে শুক্তি মুক্তাময়ী


সারাটি জীবন রাতঘুম চোখ
না- খোলার আশ্বাস
জলের ফোঁটার সাত - রঙে আঁকা
বিদগ্ধ ক্যানভাস



ছবির আদলে ফুটিয়ে তুলেছি 
অনুক্ত ইতিহাস
সে বিবৃতি তোমাতে বিলীন হোক 
তবু সে নিমেষ স্মৃতিপট জুড়ে  অম্লান হলো কই?   


Tuesday, 12 November 2019

দাদার কবিতা

            ১।   জীবন
জীবন বলে যদি কিছু থাকে
তার নাম চরম অনিশ্চয়তা 
সত্য বলে প্রতিভাত হয় যাহা  
পর মুহূর্তে মিথ্যা হয় যে তাহা
যাহাকে আমি নিজের মন জানি
সে আমার বাধ্য কতখানি
আজ সকালে যে কথা ভেবে উঠি 
পর মুহূর্তেই গোলমাল হয় তাহা 
আবার যখন মনে হয় সব ভুল 
পরম সত্য হয়ে ওঠে তারা 
আজকে মনে ছন্দ যখন এল 
মনটা আমার বিস্ময়ে ভরে গেল
ভাবিনি তো ছন্দ আসবে আমার মনে
গুলিয়ে দিয়ে যাবে ক্ষণে ক্ষণে 
সারাদিন শুয়েছিলাম অসীম পেটের যন্ত্রণাতে
রাতে যে কবিতা আসবে মনে 
স্বপ্নেও আসেনি হৃদয়ের খেয়ালে 
এর নামই বিশ্ববিধাতার সৃষ্টি
কিভাবে আমরা করব তার কৃষ্টি ?  

২।শরশয্যা

ভীষ্মের শরশয্যায় শুয়ে আছি দানবীয় ধরায়
যত ভাবি মুক্তির দিকে এগোচ্ছি
এক ধাঁধা জালে বাঁধা পড়ে যাই 
চারিদিকে অন্ধকার, ভালো লাগে না কিছুই,
ভালো লাগে না সাহিত্য, সংসার, বন্ধু-বান্ধব
বা ফেসবুক - হোয়াটসঅ্যাপ -এর কচকচানি
তবু চোখ চেয়ে থাকি, --- সুদিন আসবে, 
আমি বেশ মনোযোগ দিয়ে কবিতা লিখবো 
কামিনী - রজনীগন্ধার ঘ্রাণ নেবো
শুনব রবীন্দ্র - নজরুল - অতুলপ্রসাদ 
রোজই ভাবি উতরে যাবো পরীক্ষায়
পরক্ষণেই আর এক প্রশ্নপত্র আসে 
যার জন্য আদৌ তৈরি নই !

অবসাদে মন ক্লান্ত হয়ে যায়
শুনি নাকি যত বিষাদ কবিজীবনে আসে 
সৃষ্টি তত শুরু হয় উল্লাসে!
উদভ্রান্ত উদাস মন ভরে ওঠে
কল্পনা ও সৃজনে -----

শরশয্যা থেকে উঠে আসে মন 
অসীমের নীরব কল্পনাতে...

Monday, 21 October 2019

শেষ প্রেম (SHESH PREM)

আর চাইনা এ বিফল সান্ত্বনার স্তোক---- 
চলার পথের  এই সুদূর কারুকাজ... 
চাই ছায়া, চাই স্থিতি...
এসো নূপুরের নিক্কণ , এসো কিঙ্কিণী - সিঞ্জন,
এসো হাসি, এসো প্রীতি ---
এসো সযত্ন -সাধিত সুপ্তির ঘন নির্যাস ,

এসো শান্তি ।

আমি কোনো নির্ঝর - সানুদেশে
 শ্যামল-সুধা -পানে তৃপ্ত হবো না আর 
শুধু চাই সেই স্নেহ- চাহনির অপলক দাক্ষিণ্য
যা শুধু তুমিই, ...
একা শুধু তুমি দিতে পারো  ।।