Subscribe in a reader GAN KOBITA NATOK

Tuesday, 31 January 2017

চিঠি (CHITHI )


চিঠি



এতদিন চিঠির আশায় বসে থেকে থেকে
আজ ঝড়ের সাথে একটি গাছের পাতা 
জানলা দিয়ে উড়ে এলো  হাতে
কী যে বার্তা আনলো জানিনা তা !

লালরঙা ওই ঝরাপাতার সাথে
কী পাঠালে, সেসব তুমিই জানো...
আমি তাকে তুলে নিলাম হাতে
ও যে অনেক আদর মাখানো! 

যত্নে তাকে আমার শাড়ির ভাঁজে
রেখে দিলাম সবার নজর থেকে ---
তোমার চিঠি মধুর ভালোবাসায়
ঘুমের চোখে কাজল দিলো এঁকে ।



Friday, 6 January 2017

সত্যি -মিথ্যে (SOTTI-MITTHEY)


সত্যি -মিথ্যে

অন্ধকারে  সারারাত  মিথ্যে হয়ে জ্বলো ----
সুগন্ধি আতর মাখো সারা গায়ে 
তবুও কি সত্যি ভোলা যায় ?

ভোরের আলোয় কোথায় 
শিশিরবিন্দুর বাস?
সে তো তোমার চোখের 
মুক্তা - দ্যুতি হয়ে 
মোমের আলোয় চরম স্বীকৃতি ....

আবার প্রস্তুতি চলে আগুন হবার
আঁধারকে আলিঙ্গন  করে

মিথ্যেকে সত্যি করে জ্বলার...... 





Monday, 2 January 2017

আলো (ALO)







আলো

সারারাত ধরে শুনেছি 
করাঘাত দরোজায় -----

তবু দোর খুলিনি।

সকালে দোর খুলে দেখি

অন্ধকার মিলিয়ে গেছে
ভোরের আলোয়।

কে তবে এসেছিল?

ফিরে গেছে জীবন-মন
আলোকিত করে? 

Saturday, 31 December 2016

৩১.১২.২০১৬ (31.12.2016)



৩১.১২.২০১৬


শিশুকালে 
যে খেলাঘরে
মাটির পুতুল নিয়ে 
ঘর করেছিলাম
সে ঘর কবেই ভেঙেছে ।

গোধূলিবেলার রেশ নিয়ে
আকাশ সাজিয়েছিলে-----
আজও মনে পড়ে সেই
সানাইয়ের সুরে
সাতপা একসাথে
গিয়েছিল বহুদূর -----

সে সুর আজ সন্ধ্যায়
নতুন করে বাজল
শেষ থেকে শুরুর ইঙ্গিতে।। 

Tuesday, 27 December 2016

পুতুল-কথা PUTUL-KAWTHA

পুতুল-কথা



পুতুল-ঘরের মাটির পুতুল
আমায় বলেছিল
'আমায় তোমার চোখের জলের 
গাঙে ভাসিয়ে দিও ।

তোমার আছে খেলনা অনেক 
ধাতুর কাচের কতো
তোমার কান্না কেউ দেখেনি
একলা আমার মতো। 

তারা তোমার দেখল হাসি
উজল-তারার চোখ ---
তোমার কাঁদন দেখে আমার
হৃদয় আকুল হোক ।

সাজিয়ে রেখো তুমি তাদের
তোমার পুতুল-ঘরে ...
তোমার অশ্রু বুকে নিয়ে
আমিই গেলাম সরে।' 

Saturday, 24 December 2016

পৃথিবীটা PRITHIBITA





পৃথিবীটা  PRITHIBITA


তোমায় ছাড়া 

এই পৃথিবীটা আমার
দরকার নেই।

 দরকার নেই ঘাসফুলে প্রজাপতি 
যদি না তার পাখায় 
তোমার খবর  লেখা থাকে।

পদ্মপাতায় জলের ফোঁটায় যদি
তোমার মুখ দেখতে না পাই
তবে 
 এই পৃথিবীটা আমার
দরকার নেই।

যদি না ভোরের মিষ্টি রোদে 
তোমার হাসি লেগে থাকে
তবে
সূর্য নিভে যাক্---
তাও সই 
তাহলে  সূর্যের আলোমাখা
এই পৃথিবীটা আমার
দরকার নেই।



Tuesday, 20 December 2016

পার PAAR




পার


দুচোখের অতল গভীরে নেমে 
ভেবেছিলাম মুক্তো খুঁজে পাবো -----
এ পারাবার হল না পার হওয়া ।

ভাবিনি তো সাঁতার দেবার আগে
নুনের পুতুল জলেই হারিয়ে যাবো ----
শেষ কথাটি হল না আর কওয়া ।।