Subscribe in a reader GAN KOBITA NATOK

Sunday, 25 June 2017

জগন্নাথ ( JAGANNATH)


জগন্নাথ ( JAGANNATH

অবারিত আজ আষাঢ় ...
মেঘের গরজন ও নয় 
রথচক্রের ঘর্ষণ

কোথায়  চলেছে 
ওই বিশাল রজ্জুবাহিত
পথপৃষ্ঠ - চালিত
মহাযান?

কারো অভিসার-পথে
বিছানো রয়েছে 
অনাবিল প্রেম

সর্বনাশের আখরে রচিত 
সেই প্রেম-লিপিকা
সংকেত বহন করে
সেই অনির্দেশের 

এসো ভয়ঙ্কর , 
সেই শেষের পথে 
আমি নিয়ে চলি তোমায়
যেখানে পরম মরণ
দুহাত বাড়িয়ে 
আছে অপেক্ষায় -----

Wednesday, 21 June 2017

টিয়া (TIYA)


টিয়া (TIYA)

সোনার শিকল ভেঙে
 টিয়া পাখি গেছে উড়ে ----

সাধের টিয়া পাখি গেছে উড়ে ---- 

চোখের জলে ঝাপসা বন 
কান্না - ভেজা আলতো মন 

যতো এগোই, 
ততই হেসে
পালায় গহীন দূরে ।।

Saturday, 17 June 2017

হেঁসেল (HNESHEL)





হেঁসেল (HNESHEL)


আঁশবঁটি - শান, খুন্তির খেল্

জিও বাংলার সাবেক হেঁসেল !!!
জিরেমরিচের প্রাণকাড়া ঝাঁঝ
ভাতের হাঁড়ির গনগনে আঁচ !
থালা - বাটি - হাতা, কৌটো- বোয়েম,
মহাসমারোহে যন্ত্র কায়েম 

শাশুড়ি - মায়ের শাসন - নিদান, 
রসনা - লোভন যত উপাদান!

পানকৌটি ওঠো 'সে ডাঙায় !
চেনা রেসিপির কে কান ভাঙায়?
হারিয়েছো কিছু? খুঁজে কি পেলে?
পরম্পরার সাবেক হেঁসেলে ?

গাছকোমর আর সরষের তেল ----
জিও বাংলার সাবেক হেঁসেল !!!

Thursday, 20 April 2017

তালভঙ্গ (TAALBHONGO)

যে নৃত্যে উর্বশীর তালভঙ্গ হল
সেই কনক নুপুরের ছন্দে
তুমি নেচেই চলেছ অবিরাম
রোজ সকাল- দুপুর- সন্ধ্যে !

সে নৃত্যে আমার মেলে না তাল
সে নুপুর আমার ইশারায়
বাজে না তেমন উল্লাসে
ছন্দ কোথায় মিলিয়ে যায়!





Saturday, 4 March 2017

নিরুদ্দেশের ঠিকানা (NIRUDDESHER THIKANA)


নিরুদ্দেশের ঠিকানা

সেদিন নদীর জলে
দুজনেরই ছায়া পড়েছিল ----
পদ্মপাতায় জল ছিল কি?
জানতাম 
ভোরের আলোয় মিলিয়ে যাবে
রয়ে যাবে 
গতরাত্রের স্বপ্ন ...

তুমি যে কথা দিয়েছিলে
অন্ধকারের হাতে রেখে হাত ----
সে কথা মিলিয়ে গেলো
আলোয় চোখ মেলতেই ।

তাই খুঁজে চলেছি ত চলেইছি ---
আলোয় হারানো রাতটাকে
জানি আর ফিরে পাবোনা...
তবু

হারানোর মজাটা তো ঐখানেই !

Saturday, 25 February 2017

নোনাজল (NONAJAWL)

নোনাজল 

আমি কোনোদিন 
সমুদ্রে স্নান করিনি 
নুনের পুতুল, সাগরজলে
মিলিয়ে যাবো বলে। 


আমি শুধু সমুদ্রকে

চোখের ভিতর ধরে রেখেছি।


আমি কোনোদিন কাউকে বলিনি

আমার দুচোখে এক সমুদ্র
নোনাজল ।

কেউ জানেনা,
আমার বুকে ঢেউয়ের ওঠাপড়ায়
আমার দুচোখ স্নান করে
সেই সমুদ্রের নোনাজলে।

'আকাশ - লজেন্স ' (AAKASH-LOZENCE)

'আকাশ - লজেন্স '

আকাশটা নীচে নেমে এসে আমায় বলল ,
'কি হয়েছে ?'
আমি  বললাম ,
'মন ভালো নেই।'

'এক পশলা বৃষ্টি দেবো
তাও না?'
'দেবো এক আঁচল জোলো হাওয়া'
'তাও না ।'

'দেবো বাজের হলকা 
তাও না?'

'দেবো ছোটোবেলার 
শিল -কুড়োনো বিকেল
সেই গামছা দিয়ে মোড়া
'আকাশ - লজেন্স '
তাহলে কি মন ভালো হবে?'

আমি হেসে উপরে তাকালাম ----
আকাশটা ছেলেবেলার মতো
বন্ধু হয়ে
আরও নীচে নেমে এলো ......