জীবন-মন JIBON-MON হৃদয় নিয়ে সবাই আসেনা কেউ কেউ ফিরে যায় , এই পূথিবীতে হৃদয় দিয়ে, দিয়ে মন । সেই মনের মাঝে ঘুমিয়ে থাকে তার জীবন। দেহ ছুঁয়ে যে মন হাসে সে জানেনা, মন ছুঁলে সোহাগের দাগ সিঁথির লালে রয়ে যায় । আলতো কপোলে প্রেম হয়ে সময় আঁচড় কাটে স্মৃতির পাতায়। প্রেম যবে হয়ে যায় স্মৃতি আঁচল লুটিয়ে ফেরে ভালোবাসা শিশিরে শিশিরে ধুয়ে মন শরীরের শেষে নবজীবনের তীরে সুস্নাত ফিরে এসে হাসে জীবন ।।
ভিক্ষাপাত্র আমার বিধাতা আমার জন্মলগ্নেই একটি ভিক্ষাপাত্র হাতে দিয়ে আমায় পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই ভিক্ষাপাত্র আজ কানায় কানায় পরিপূর্ণ । কিন্তু সেই ভিক্ষাপাত্রে যতটা অমৃত , ততটাই বিষ । আজ সেই অমৃতধারায় স্নান করেছি আমি আর ----- সমস্ত গরল কণ্ঠে নিয়ে তুমি আজ নীলকণ্ঠ ।
তারপর? TARPOR? তারপর কেটে গেছে যুগ বহু- বহু মহুলের বনে ফুটেছিল যে মধুমঞ্জরী সুয়োরানীর মুকুট থেকে কবেই তা ঝরে গেছে ---- সমুদ্র - সম্রাটের সৈন্যদল গর্জন থামিয়ে ফিরে গেছে বিস্মৃতির অতল অন্ধকারে ----- সূর্য- গ্রহণের পর পাখির কূজন গেছে থেমে এবার তুমি কোথায় ফিরবে, পথিক? কোন্ পথ তোমার পদচিহ্ন বুকে নিয়ে হাজার বছর প্রতীক্ষার প্রতিশ্রুতি বহন করবে জীবনের শেষ প্রশ্বাসকে বাজি রেখে?