Subscribe in a reader GAN KOBITA NATOK

Sunday, 1 September 2019

রঙ (RONG)



 রঙ(গদ্য কবিতা)


দূরে যেয়ো না ,  ওই
আদিগন্ত – ঝুরি- নামানো অশ্বত্থতলায়
ওখানে সর্বনাশ সাজানো আছে ভালোবাসার নামে
সবুজ পাতার শিরায় শিরায় ----
তার চেয়ে আরও অনেক অভয় আশ্রয় ঐ নীল
নিশ্চিত, কঠিন , সহজ, তরল, ঝজু ---
যার একটিমাত্র প্রতিশ্রুতি
তোমাকে নিয়ে যাবে গভীর চেতনার নীড়ে
কপোত-বক্ষের নিবিড় উষ্ণতায়
দূরকে নিকট করার পরম মুহূর্তের
স্বচ্ছ - সাধনা – নিমগ্নতায় ।

Thursday, 8 August 2019

চোখের জল ( CHOKHER JAWL)

আমি সেদিন তোমার চোখে জল দেখেছিলাম ... 
অনেক দিনের পরে চোখে জল দেখেছিলাম ।
আমি তাকেই কান্না বলে চিনি ।
শুনেছি তা দুঃখ - সুখের দুই কিনারেই বয় ...

 এক সমুদ্র নোনাজলে প্রেম লুকিয়ে রয় ।

কারুর চোখে দুখের সে জল 
কারুর সুখের পানি ---
তোমার চোখে এ জল কেন 
আমিই শুধু জানি । 

Monday, 5 August 2019

প্রেম (PREM)

কম্পমান অধর লালিমা ভুলেছিল
অঞ্জন ভুলেছিল আঁখি 
বিদায় -লগনে ভেবেছিল হিয়া
'এতো প্রেম কোথা রাখি?' 

Saturday, 20 July 2019

আশীর্বাদ (ASHIRBAAD)

মননশীলা তোমাকে হতে হবেনা
বরং তুমি হও উদাসীনা ।
হে ব্রীড়ানম্রা বধূবেশিনী  
তোমাকে যেন এবার চিনি 
গভীর নির্লিপ্ততায় 
সচেতন উদাসীনতায় 
যেখানে ব্যথার তন্ত্রী ঢাকা পড়ে যায় 
মৃদু স্নিগ্ধ মধুরতায়
যেন দেখেও দেখতে না পাও
সংসার কেমন শাঁখের করাত
দুদিক দিয়েই  তার গতায়াত
তুমি কখনও সে পথে যেতে
তোমার রুধিরাপ্লুত পায়ের ক্ষত 
মাটিকে যেন না করে রঞ্জিত
তুমি শুধু যন্ত্রণা কে অতিক্রম করে 
তোমার রক্তাধর আরও রঙ্গীন করে নাও
উদাসীনা হও ...শুধুই উদাসিনা হও ...  

Monday, 17 June 2019

আলিম্পন (ALIMPON)

আলিম্পন

চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে আসছে
কিন্তু আমি কাঁদতে চাই না এমন বিষম অবেলায়
তাই চিঠি লেখার অছিলায়
দুরন্ত অশ্রু ঠেকিয়ে রাখতে চাই । 

আমি হেরে গেছি আমার ভাবনার কাছে 
অশ্রুরও কাছে হেরে গেছি আমি আজ

বাধা মানছে না বুকের মধ্যে
ঢেউ উথাল-পাথাল 

কাগজের কালি চোখের জলে
আলপনা এঁকে চলেছে নিজের মনে 
কান্না দিয়ে ধোয়া এ লিপিখানি
সমর্পণের অথির অপেক্ষায় ... 

Saturday, 15 June 2019

অন্তরাল (AWNTORAAL)




          অন্তরাল 


   অনুশোচনার পুতুল
হাতে ছুঁয়ে ছুঁয়ে রেখে দিই তুলে
অতি বড় ঘরন্তি খেলনাবাটি কভু
দেখে নাই খেলে...
জানতে পারেনি এও, 
শেষরাতে বৃষ্টিটুকু দিয়ে
মেঘ কী যে বলে গিয়েছিল
সেসময়ে চোখ ছিল 
অন্য স্বপ্নে জাগরূক ।
তাই আজ এই মুহূর্তে 
এক পা ফুটপাথে রেখে 
অন্য নীলের জগতে পরিক্রমা-- 
কেন যে দোটানার শেষ নেই
নিজেকে অন্তরালে ঢেকে ...। 



Sunday, 9 June 2019

অসমাপ্ত





হে জীবন! আমি কেন জাতিস্মর হলাম না?
হলে আমি তোমাকে বলে দিতাম 
আমার গতজন্মের  সমস্ত ইতিবৃত্ত 
যা কখনো মাঝে -মধ্যে 
আমার এই অসমাপ্ত, অসংবদ্ধ জীবনে 
উঁকিঝুঁকি মেরে চলে যায়
কি যেন এক ইঙ্গিতে
হাতছানি দিয়ে বলে যায় 
'চলে এসো ,ভেসে যাও গতজনমের
ছন্দময়, বর্ণোজ্জ্বল জীবনের স্রোতে '
যেতে চাই, কেন এ জন্মের স্মৃতিগুলো 
প্রিয়ার বাহুবন্ধন হয়ে জড়িয়ে রাখতে চায়
    আমাকে?