Subscribe in a reader GAN KOBITA NATOK

Tuesday, 17 May 2016

বৃত্ত BRITTO


 বৃত্ত

গোধূলির শেষ আলোটুকু মেঘে,
 রং-ঝিকমিক
হয়ত তোমার শেষ কথাটুকু
 ছিল ঠিক্ - ঠিক্-----

ছন্দে কোথাও ভুল হয়েছিল,
তাল কেটেছিল নৃত্যে,
তাই ঘুরে মরি, বেয়ে ভাঙা তরী
বিফল প্রেমের বৃত্তে ।

Monday, 16 May 2016

শব্দ SHOBDO


শব্দ

গভীর রাতের  শব্দ শুনেছ কখনো?
ঘুমের ভিতরে  ? স্বপ্নে?
কোনো রাতচরা পাখির ডাক 
মনে করে দিয়েছে কি 
তুমি একা------
চিরদিন তুমি একা-----?

কখনো দেখেছ কি 
নদী  কেমন একা একা বয় ?
সে জানে তীরে যারা ভিড় করে 
তারা তার কেউ নয়....

কোনো বাজপড়া গাছ 
যেমন করে কথা কয় রাতের সাথে 
তেমনই  আমিও কথা কই 
গভীর রাতের শব্দ কানে লই 

একা জেগে থাকি নিজের মনের কথা 
শুনব বলে ------

সুইচ-অফ SWITCH _ OFF

সুইচ-অফ


সুইচ-অফ
দূর দেশে কোন বন্ধু আছে,
সকাল- বিকেল-সন্ধে-রাতে
ফোন সুইচ-অফ তার।
তাকে ভাবলে মনের মধ্যে
লাল-নীল-হলুদ-সবুজ রঙ ভেসে ওঠে।
গাছ ভরে ওঠে ফুলে -------
ঢেউ খেলে নদীজলে
কানে কলসির ছলাৎ-ছল, বুকের মধ্যে ঢেঁকির পাড়!
ঐ বুঝি ফোন বেজে উঠল!
কিন্তু নাঃ...তার ফোন তো সুইচ-অফ!

খিদে KHIDE

খিদে


হোটেল শের- এ নবাব
নেইকো তারি জবাব
বাইরে থেকে স্রেফ্ শুঁকে যাই
মটন-কারি, কাবাব!


চাকরি ঘেঁটে লাট,
পকেট গড়ের মাঠ---
রাত্রি হলে শেষ, শুতে যাই
ছারপোকাদের খাট।


নেইকো মাথায় ছাতা,
লিখে বেড়াই যা-তা
খিদে পেলেই, ব্যস্ খেতে পাই
খিচুড়ি এক হাতা।


প্যাঁকাটি হাড়-গোড়,
মুখেই কথার তোড়,
দু-হাত দিয়ে তাও পেতে চাই
লাখ-টাকার এক ভোর !!!! 

Sunday, 15 May 2016

ঘর GHAWR

আমার জীবন তোমার নামে নিকোনো এক ঘর 
তাতে বসার শীতলপাটি 
ডাবের জলে পূর্ণ ঘটি 
ঠাণ্ডা শ্যামল কোমল মাটি 
স্নেহের নীড়ে দুয়ার আঁটি
বাস করে যান চিরদিনের 
পার্বতী -  শঙ্কর ।


তুমি যেদিন আসবে ঘরে, হবে স্বয়ংবর ।
ভরবে আলোয় চারিটি দিক,
সোনায় রূপায় খেলবে ঝিলিক
খুশির জোয়ার ডুবিয়ে দিক
মধুর আবেশ ভরিয়ে নিক
দিনগুলি সব, রূপকথারই
মানিক-জহর ।।