Subscribe in a reader GAN KOBITA NATOK

Sunday, 31 July 2016

সূর SUR

মনের গভীরে খুঁজি 
সাগর, পাহাড় , মরুবেলার
একাকীত্বের সুর...

অন্তরে আমি বুঝি
গান শেষ করে শেষবেলার
চলে গেছ বহুদূর ।


Saturday, 30 July 2016

উদাসীনা UDASHEENA

সুখী হও , জয়ী হও, দীর্ঘজীবী হও, 
অনেক শুনেছি এ আশীর্বাণী,
লক্ষ্মীস্বরূপা , রাজরাণী হবার
বরও পেয়েছি কত 
কোনো কাজে আসেনি
এসব শুভচিন্তা -----
কোনো ফল মেলেনি বাস্তবে ----
সুখ, জয়, সোনার সংসার 
এসব অনেক দূরের স্বর্গ-পথে  
কখন মিলিয়ে গেছে

এ পৃথিবী আজ জ্বলছে 
হিংসা, আগুন, বিস্ফোরণে----
আজও কেউ কেন একথা বলেনা
 ঘরের লক্ষ্মীকে 'উদাসীনা' হতে? 
কেন শুনিনা সেই অমৃতনির্ঘোষ
'তেন ত্যক্তেন ভুঞ্জিথাঃ' ?

উদাসীনা হলে যদি 
আগুন না জ্বলে , না হয় পাপ,
তবে কেন এ চেতন -মন 
সদা জাগরূক ,উদ্যত, উদ্ধত ?

ঘুম, তুমি এবার নেমে এস,
অনেক হয়েছে রাত,-----
শ্রবণকে করো বধির , নয়নকে অন্ধ ----
উদাসীনা করো আমায়
যাতে স্বর্গ-পথে উড্ডীন রথে
যেতে পারি সহজে 
মৃত্যুর পরম আশ্রয়ে -----

Friday, 29 July 2016

চেনামুখ CHENAMUKH

একাকীত্ব আমার সম্পদ , ----- তোমার নয় 
আমি ভিড়ের মধ্যে চেনামুখ খুঁজে বেড়াই 
তুমি অন্তরালে হাসো আমায় দেখে---   

সাগর, পাহাড়, মরুবেলা,
আমার সঙ্গী হতে চায়,
আমি সবিনয়ে ফিরিয়ে দিই 
আমি চাই কি চাইনা একা হতে
তোমার তাতে কি আসে যায়? 

আমি স্বপ্নে একা জাগি 
তুমি অঘোর ঘুমে-----
কবে জাগবে সেই প্রতীক্ষায়
আমার অলিন্দে মৃদু দোলনচাঁপা------ 
বায়ুভরে সেই সংগীতে দোলা দেয় -----

আরো একবার সেই চেনামুখ 
আমার আয়নার ছায়ায় -----
তুমিও কি সেই পথে পাড়ি দাও 
আমার একাকীত্বের
নীরব সাথী হবে বলে? 

Thursday, 28 July 2016

জলস্রোতে JAWLOSROTE


জলস্রোতে JAWLOSROTE

প্রেম ভেসে যায় জলস্রোতে
সেদিন এমন ছিলো
রেখার কাঁপন অবুঝ মুখে
হারিয়ে যাবার মধুর সুখে
রঙ বুলিয়ে দিলো ...

শেষ হল পথ, যেতে যেতে
অনিশ্চয়ের পানে 
ভুল হল কি কখন কবে?
আজ সে কথাই বলি তবে
বিদায় নেবার গানে ।

Wednesday, 27 July 2016

দরজা DORJAA

পায়ের শব্দ মিলিয়ে যায় দরজাটার ওপারে
দরজা খোলে না
দরজার এপারে থাকে জীবনভর প্রতীক্ষা
কারো আসার ----

কেউ আসে না ।

Sunday, 24 July 2016

আক্ষেপ AAKHHEP

ননদিনী ,আমি শ্বশুরঘরে এসে রান্না শিখলাম না।
আমার মন থাকেনা ব্যঞ্জন-পাকে, 
কড়াইতে তেল দিয়ে পটল ভাজতে গিয়ে
কখন যে সুপুরী ভেজে ফেলি,খেয়ালই থাকেনা

আবার তপ্ত কড়ায় তেলে-জলে মিশে গেলে
আমি শুধু শুনি যমুনার কুলুকুলু স্বর
কিন্তু ঘর থেকে বেরোবার যে উপায়টুকুও নেই 
ঘর হইতে আঙিনা যে বিদেশ!

পায়ের নূপুর হল সোনার শিকল,কঙ্কণ হাতের বেড়ি
গলার সপ্তনরী হারের ফাঁসে জীবন হল বৈরী।
রইল শুধু যমুনার জল,ডুবিয়া জুড়াব গা------
ননদিনী,আমি শ্বশুরঘরে এসে ঘরই করলাম না!

Saturday, 23 July 2016

ঝাঁপ JHNAAP

আগুন থেকে জলে
মরণ থেকে বাঁচবো বলে
দিয়েছিলাম ঝাঁপ 

তখনো তো জানতাম না 
মনের মধ্যে উথাল-পাথাল
ভালোবাসাই পাপ !