Subscribe in a reader GAN KOBITA NATOK

Tuesday, 30 August 2016

নবনীচোরা NOBONICHORA

ওগো নবনীচোরা,
তুমি রন্ধ্রে রন্ধ্রে বাঁশরীর চোরাস্রোতে
বেদনা বাজাও, ঝরাও আনন্দাশ্রু -----

হাসিমাখা ঐ অধরে তোমার
ব্যথাতুর শ্রাবণ তামসী ঘোরা ---

আ্সো যখন কাঁটার পথে 
পা ফেলে বন্ধুর দ্বারে 
বক্ষলগ্ন প্রেমিকা তখন
 জীবন-সরসী পার হয়ে 
লক্ষ জন্ম লয় তোমার কোলে-----

তুমিও সহস্র - দিনের লীলাখেলা সেরে
তাকে তুলে নাও অধরে তোমার
বাজাবে বলে, কাঁদাবে বলে -----

Monday, 29 August 2016

শিম্পী SHILPI

তোমার তুলির এক-আধটি টান 
দাও না আমার হাত দিয়ে ---

ছবির সুরে ফুটে উঠুক 
জীবন- খেলার গান ----

মরণ-দিনের নিশ্বাসে , 
প্রাণের সাদা ক্যানভাসে -----

Thursday, 25 August 2016

গিন্নি GINNI

গিন্নি আমার যাচ্ছে চলে বাপের বাড়ি !
চটের ব্যাগে ভরতি করে একশো শাড়ি ----
ক্যাবলা হয়ে দাঁড়িয়ে থাকি,
ট্যাক্সি এবার ডাকবো নাকি?


আমি যেমন ধোপার গাধা,
পায়ে ধরেই বেদম সাধা

বেগুন-ক্ষেতে-কাক-তাড়ানো-কেলে-হাঁড়ি!!!!

Sunday, 21 August 2016

অসময় AWSHOMOY

ভুলে ছিলাম, ভালো ছিলাম।
কেন এলে অসময়ে গোধূলি -দিগন্তে? 
এলে যদি, দেখা না দিয়েই 
চলে যাবে এ জন্মের মতো?

যাবেই যখন, একটু সময় দাও -----
তোমায় দেওয়া আমার না-বলা  কথাটি
ঝরে পড়ে আছে ফুলগাছ টির নিচে ----
ওকে তুলে নেবে না তোমার বুকে?


তোমার কুয়াশায় ঢাকা হাসিটুকু---
যা এতদিন আমার বুকের আয়নায়
লুকিয়ে রেখেছিলাম ------

সেই হাসি হোক আমার 
বাকি দিনগুলির রসদ
তোমায় বিনা জীবন 
চোখের জলে কাটিয়ে যাবার -----



Saturday, 20 August 2016

গোধূলি GODHULI

গোধূলি GODHULI


আমি অনেকদিন আকাশ দেখিনি
দেখিনি গোধূলি-বেলায় 
কী রঙে সেজে ওঠে 
নববধূ 'আশমানি'?

আজ দেখলাম তার 
বিবাহলগ্ন আসন্ন ।

এমন লজ্জান্ম্র রাঙা আকাশ 
আগে কোনোদিন 
চোখে পড়েনি আমার।

যেন লাল ঘোমটায় মুখ ঢাকা এক কনে-----
তার নীল বেনারসিতে খচিত
চন্দ্র -সূর্য- তারার হিরেমানিক-----

সে রয়েছে তার জীবনের 
পরম লগনের অপেক্ষায় 

কখন আসবে সেই বাঞ্ছিত শুভক্ষণ 
সাদা মেঘের মালা গলায়
নীল চাঁদোয়ার নীচে? 

Sunday, 14 August 2016

মুখ MUKH

আমি এই বেদনার মুখ চিনিনা, 
যে বেদনা আমাকে নিয়ে ঘুরে বেড়ায় 
সাগর, নদী, উপত্যকায়----
কখনও মুখ দেখিনি তার 

শুধু কখনও আয়নাতে চোখ পড়লে
ওই অচেনা মুখ আমাকে
তার খবর দেয়
আমি তার চোখের আলোতে 

সাগর দেখি, দেখি নদী, 
পাহাড়, উপত্যকা,
আর দুচোখ বেয়ে অশ্রু হয়ে 
সেই বেদনা ঝরে ...। 

Friday, 12 August 2016

দোলন- কেদারা ROCKING - CHAIR

ওই যে দোলন- কেদারা 
ও কি আজ নিজে- নিজেই দোলে?
কেউ তো বসে নেই তাতে -----

একদিন তুমি ছিলে,
ছিল তোমার হাতে কুরুশ- কাঁটার বোনা 
মনের সুখে দুলত তোমার 
দোলন- কেদারা ।।

লেসের জাফরি- কাটা বুনন
তোমার হাতের থেকে
লম্বা হতে হতে ছুঁয়ে যেতো মাটি ।


তোমার সেই হাতদুটি আজ
 নিথর আলোর দেশে  -----
থেমে গেছে শূন্য দোলন- কেদারা----

আজ এ ঘরে এসে 
বড়ই একলা আমি
শুধু চোখদুটো চেয়ে থাকে 
ঐ একলা কেদারার দিকে।

ঘরের মধ্যে সময় থেমে গেছে-----
দুলতে দুলতে কখন স্তব্ধ হয়ে গেছে----
তোমার  দোলন- কেদারা ..